শ্রীমঙ্গলে বিদেশি সিগারেটসহ একজন গ্রেপ্তার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৭:২২:১৫ অপরাহ্ন
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা বিদেশি সিগারেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর )রাত ১০টা ৪৫ মিনিটে শ্রীমঙ্গল পৌরসভার গুহরোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এসআই বাবলু কুমার পাল সঙ্গী ফোর্স নিয়ে এ অভিযান চালান। এ সময় কাওসার হোসেন সোহাগ (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি পটুয়াখালি সদর উপজেলার সবুজবাগ এলাকায় হলেও তিনি বর্তমানে কেরানীগঞ্জের হাসনাবাদে বসবাস করেন।
পুলিশ জানায়, আসামির হেফাজত থেকে ১০ হাজার শলাকা বিদেশি ‘PATRON’ সিগারেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। কাওসার তাঁর সহযোগীদের সহায়তায় চোরাচালানের মাধ্যমে এসব সিগারেট দেশে এনেছেন বলে পুলিশ জানায়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।




