৩০ মিনিট পর নবীগঞ্জে সামিট বিবিয়ানা বিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১:৪১:১৯ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে এশিয়ার অন্যতম বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সামিট বিবিয়ানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে শনিবার বিকেলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় ফায়ার সার্ভিস।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর নিয়ন্ত্রণাধীন কেন্দ্রের বিবিয়ানা ১ ইউনিটের জন্য বরাদ্দকৃত খালি জায়গা থেকে প্রথমে ধোঁয়া দেখা যায়। সেখানে বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত পরিত্যক্ত ফিল্টার, বিভিন্ন মালামাল ও শুকনো ঘাস থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে কেন্দ্রের নিজস্ব ফায়ার টিম এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হাবিব মিয়ার নেতৃত্বে আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। দুই দলের প্রায় আধাঘণ্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পিডিবির সহকারী প্রধান প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, অগ্নিকাণ্ডে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক ধারণা, কেউ সিগারেটের আগুন ফেলায় এটি ছড়াতে পারে। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটায় সবাই স্বস্তি প্রকাশ করেছে।




