জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির খাদ্যসামগ্রি বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২৬, ১০:৩৩:০১ অপরাহ্ন
জগন্নাথপুরে দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রি বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি (ডাব্লিউবিএস)। গতকাল বুধবার (২০ মে) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লামাটুকের বাজার এলাকার পড়গড়ি গ্রামে ১০৪টি হতদরিদ্র পরিবারের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করে সংস্থাটি।
প্রতিটি ফুডপ্যাকে ছিলো ১৫ কেজি মিনিকেট চাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৮ প্যাকেট নুডলস, ৫০০ গ্রাম গুঁড়া দুধ, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ২৫০ গ্রাম আদা, ৫০০ গ্রাম রসুন, ১০০ গ্রাম মরিচ গুঁড়া, ১০০ গ্রাম হলুদ গুঁড়া, ৫০ গ্রাম জিরা গুঁড়া ও ৫০ গ্রাম ধনিয়া গুঁড়া।
এ সময় উপস্থিত ছিলেন ডাব্লিউবিএস -এর সিলেট ডিভিশনাল প্রোগ্রাম কো-অরডিনেটর জুনেদ আহমদ, মিশন ওয়ান মিলিয়নের প্রধান নির্বাহী ফায়যুর রাহমান ও স্থানীয় ভলান্টিয়াররা।
ফুডপ্যাক বিতরণকালে বক্তারা বলেন, মানুষের মুখে হাসি ফুটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু নেই। মহানবী (সা.) বলেছেন সবচেয়ে উত্তম আমল হলো মানুষকে খাদ্য খাওয়ানো। আজকের ফুডপ্যাক বিতরণ প্রোগ্রামটি অনেকগুলো পরিবারের মুখে হাসি ফুটাচ্ছে।
বক্তারা বলেন, দেশি ও প্রবাসী দাতাদের সহযোগিতায় ওয়েলবিং বাংলাদেশ সোসাইটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। তারা দাতাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। -বিজ্ঞপ্তি



