দিরাইয়ে ছাত্রদলের লাল কার্ড কর্মসূচি স্থগিত, ফ্যামিলি কার্ড শুমারি থেকে ৪ জনের নিয়োগ বাতিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৬, ৯:০৬:২৯ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে ফ্যামিলি কার্ডের শুমারি কাজের জনবল নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দিরাই উপজেলা শাখার ঘোষিত লাল কার্ড প্রদর্শন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার ২০ আগস্ট উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের পক্ষ থেকে করা লিখিত অভিযোগের বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের আলোচনা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগগুলো তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ অবস্থায় বিএনপির সিনিয়র নেতাদের পরামর্শ অনুযায়ী ঘোষিত কর্মসূচি স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া আশ্বাসের ভিত্তিতে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া নিয়ে ছাত্রদল আপাতত পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু ও সদস্য সচিব তানভীর চৌধুরী জানান, ফ্যামিলি কার্ডের শুমারি কাজের জনবল নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম রয়েছে। এসব বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
তারা বলেন, গত ১৮ আগস্ট বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে তাদের অবস্থান কর্মসূচি ছিল। ওই কর্মসূচি থেকে প্রশাসনকে বিতর্কিত নিয়োগ বাতিলের বিষয়ে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছিল। পরে সিনিয়র নেতৃবৃন্দ অভিযোগের তদন্ত এবং প্রশাসনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত রাখার পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে।
ছাত্রদল নেতারা আরও বলেন, অনিয়মের অভিযোগ থাকা নিয়োগ তালিকা বহাল থাকলে দিরাইয়ের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে ভবিষ্যতের প্রতিটি কর্মসূচির আগে গণমাধ্যমকে অবহিত করার কথাও জানান তারা।
এদিকে ছাত্রদলের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ফ্যামিলি কার্ড স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটি ৪ জনের নিয়োগ বাতিল করেছে।
বাতিলকৃতরা হলেন- পৌরসভার শংকর বৈষ্ণব, জগদল ইউনিয়নের আবু ওয়াক্কাছ খান, সরমঙ্গল ইউনিয়নের মিলি রায়, কুলঞ্জ ইউনিয়নের সৈয়দ সাবের হোসেন বিজয়।
ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডারের স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও ইউএনও সনজীব সরকার জানান, বাতিল প্রার্থীদের স্থলে রিজার্ভ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনে অপেক্ষমাণ তালিকা থেকেও মনোনয়ন প্রদান করা হবে।



