শাবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ, দায়িত্ব নিবেন না কোষাধ্যক্ষ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৬, ১০:২৪:৩৯ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ আতিকুল হক। তবে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিবেন না বলে জানিয়েছেন অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ সাক্ষরিত দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাবিপ্রবির আইন, ১৯৮৭ এর ১৩ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামকে উক্ত বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য পদে এবং ধারা ১৪ অনুযায়ী সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ আতিকুল হক কে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হলো।
অন্যদিকে কোষাধ্যক্ষ পদে যোগ দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে গতকাল এক ফেসবুক পোস্টে জানান অধ্যাপক ড. মো. শাহ আতিকুল হক। তিনি তার ফেসবুক পোস্টে লিখেন, সবাইকে বলছি, দয়া করে আমাকে কেউ অভিনন্দন জানাবেন না। এটি কোনো আনন্দের বিষয় নিয়ে লেখা পোস্ট নয়। আমি আপনাদের জানাতে চাই যে, আমি কোষাধ্যক্ষ হিসেবে এখনো যোগ দিইনি এবং যোগ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।”
নানা জটিলতা ও মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাওয়ার কথা উল্লেখ করে অধ্যাপক আতিকুল হক বলেন, “অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর, আমার মনে হয় যে কাজটিতে আমি স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করি, সেটাই চালিয়ে যাওয়া শ্রেয়।”
নিজের পেশাগত জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, “একজন মানুষ হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটাই করার চেষ্টা করি। ২০০৬ সালে প্রভাষক হিসেবে যে কাজ শুরু করেছিলাম, তা আমি উপভোগ করি।”
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক বলেন, ব্যাক্তিগত কারণ এবং অপারগতা প্রকাশ করে আমি এ দায়িত্ব নিতে চাচ্ছি না উল্লেখ করে চিঠি দিয়েছি। এজন্য আমি শিক্ষা মন্ত্রণালয়, সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে ইমেইল চিঠি পাঠিয়েছি।



