যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে- প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০২৬, ৯:৩৫:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেছেন, মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে। কুরআন হাদীস ও ইসলামী জ্ঞানের গভীরতা অর্জনে আন্তরিক প্রচেষ্টা চালাতে হবে। বিশেষ করে একাডেমিক শিক্ষার পাশাপাশি ভাষাগত দক্ষতা শিক্ষার্থীদের উঁচু স্থানে নিতে সহায়ক ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হওয়া সত্বেও অবকাঠামো ও শিক্ষক সংকটে জর্জরিত। একটি দ্বীনি প্রতিষ্ঠানের এমন দৈন্যতা কিছুতেই কাম্য হতে পারে না। তদুপরিও এই প্রতিষ্ঠানের শিক্ষকরা মাদ্রাসার অগ্রযাত্রায় যে অবদান রাখছেন এ জন্য তারা পুরস্কার পাওয়ার যোগ্য বলে তিনি উল্লেখ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিভিন্ন সীমাবদ্ধতা সত্বেও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে গবেষণার বিষয়কে জোর দেওয়া হচ্ছে। বর্তমান সরকারও এসব বিষয়ে আন্তরিক। সম্মিলিত প্রচেষ্টায় মাদ্রাসা শিক্ষা আরো উন্নত ও যুগোপযোগী পর্যায়ে উপনীত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মো. বায়েজীদ আলম, সহযোগী অধ্যাপক শাহ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশীদ মর্ত্তুযা, সাংবাদিক আনাস হাবিব কলিন্স, ছাত্র প্রতিনিধি আবু মুসা, মাহফুজুল করিম চৌধুরী সাকিব প্রমুখ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, সচিবসহ সরকারের চারজন উর্ধ্বতন কর্মকর্তা সম্প্রতি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন। তদুপরি সংকট নিরসন না হওয়াকে দু:খজনক বলে আখ্যায়িত করেন। দীর্ঘদিনের পূঞ্জিভূত সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণে তিরি প্রো-ভাইস চ্যান্সেলরের প্রতি অনুরোধ জানান। পরে প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।



