হবিগঞ্জের কালেঙ্গা পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে আধাঘণ্টা গোলাগুলি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৫:১৯ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় আধা ঘণ্টার গোলাগুলিতে প্রায় ৩৪ রাউন্ড গুলিবিনিময় হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ১১৬ ফুট গাছ উদ্ধার করেছে বন বিভাগ।
গোলাগুলির সময় বনরক্ষীরা পিছু হটলে ঘটনাস্থলে পৌঁছে বিজিবি; তাদের উপস্থিতি টের পেয়ে গাছচোরেরা পালিয়ে যায়।
বন বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে তিনটা পর্যন্ত প্রায় আধাঘণ্টা ধরে গুলিবিনিময় হয়।ওইদিন রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুরের সুমনসহ প্রায় ৬০ জন নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন ও আকাশমনি গাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা আল-আমিনের নেতৃত্বে তিন বনরক্ষী সেখানে গেলে গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় বনরক্ষীরা গুলি ছুঁড়লে গাছচোরেরাও পাল্টা গুলি চালায়।
প্রায় আধাঘণ্টার এই গোলাগুলিতে বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়েছে বলে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, গাছচোরদের সঙ্গে বনকর্মীরা টিকতে না পেরে গুলি চালিয়ে পিছু হটছিল। এর মধ্যে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু সেগুনগাছ উদ্ধার করা হয়েছে।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান, গাছচোরদের আচরণ ছিল বেপরোয়া। বিজিবি পৌঁছুলে তারা সরে যেতে বাধ্য হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মামলা করা হবে। চুনারুঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সাংবাদিকদের নিকট থেকে ঘটনার খবর শুনেছি। বন বিভাগ কিছুই জানায়নি। মামলা করলে ব্যবস্থা নেয়া হবে।




