মাধবপুরে আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে নিজেই লাশ হলেন সাবিনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৬, ১:০৪:৪৪ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে স্ট্রোকে আক্রান্ত হয়ে সাবিনা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। নিহত সাবিনা আক্তার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বাসিন্দা জাহেদ মিয়ার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের নিকটাত্মীয় আমিজ আলীর স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। ওই মৃত্যুসংবাদ পেয়ে গতকাল শুক্রবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে মরদেহ দেখতে যান সাবিনা আক্তার। মৃত ব্যক্তির বাড়ির নিকটে পৌঁছানোর আগমুহূর্তে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
তাৎক্ষণিকভাবে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি আনছব আলীর ছেলে বরকত আলীর সঙ্গে সাবিনা আক্তারের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। বিয়ের মাত্র কয়েকদিন আগে এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।




