সিলেটে বাসিয়া খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৭:১৪:২২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ে এই খাল পুনঃখননের উদ্বোধন করেন তিনি।
সিলেট ও সুনামগঞ্জের পাঁচ উপজেলার কৃষিতে বড় ভূমিকা ছিল নদীটির। এ নদীর গুরুত্ব অনুধাবন করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর ‘খাল কাটা কর্মসূচির’ অন্তর্ভুক্ত করেছিলেন নদীটিকে। ১৯৭৯ সালে তিনি নিজ হাতে খনন কার্যক্রমের উদ্বোধন করেছিলেন। কিন্তু সে সময়ের সরকার পরিবর্তন হওয়ার পর আর খনন হয়নি বাসিয়া নদীর।ফলে সময়ের স্রোতে শুধু স্রোত নয় পানি ও প্রাণহীন হয়ে পড়ে একসময়ের ভরা যৌবনের বাসিয়া। নদী থেকে পরিণত হয় মরা খালে। এবার জিয়াউর রহমানের ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে নতুন করে প্রাণ ফিরে পেতে যাচ্ছে বাসিয়া।
বাসিয়া খাল পুনঃখননের উদ্বোধন শেষে এক সভায় কথা বলেন প্রধানমন্ত্রী। এসময় তিনি বলেন, বিএনপি নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়ন শুরু হয়েছে। আমরা নির্বাচনের আগে বলেছিলাম, সারাদেশে খাল খনন কার্যক্রম শুরু করবো। আমরা শুরু করেছি। আজ এই বাসিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলাম। এই খাল খনন শেষে দুই পাড়ে আমরা ৫০ হাজার গাছ লাগাবো। সেখানে স্থানীয়রা প্রকৃতির সান্নিধ্য পাবেন। আমরা ফলজ গাছও লাগাবো।
তিনি বলেন, বাসিয়া পুনঃখনন শেষ হলে সরাসরি ৮০ হাজার কৃষক উপকৃত হবে। আর পরোক্ষভাবে উপকৃত হবে আরও অন্তত দেড় লাখ মানুষ। এতে বছরে আরও ৭ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হবে। আমরা দেশের ৬০ জেলায় খাল খনন শুরু করেছি।
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকায় সুরমা নদী থেকে উৎপত্তি বাসিয়া নদীর।



