হাওর রক্ষায় সরকারকে মেগা প্রকল্পে হাত দিতে হবে- দিরাইয়ে শিশির মনির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২৬, ৮:৪৩:২৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-টানা বৃষ্টিপাতের কারণে হাওরাঞ্চলে তলিয়ে গেছে কৃষকদের হাজার হাজার হেক্টর ফসলি জমি। কৃষক কাটতে পারেন নাই তাদের সোনালী ধান। যারা কেটেছেন তারাও পড়েছেন মহা বিপদে। আকাশে রোদ নেই, অব্যাহত বৃষ্টিপাতের কারনে ধান জমিতেই পচে ছাড়া গজিয়েছে। এখন কৃষক যাবে কই, খাবে কি?
আজ শনিবার (২ মে) সকালে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন হাওর পরিদর্শন শেষে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওর থেকে ফেসবুক লাইভে এসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শিশির মনির এসব কথা বলেন, এসময় তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকাকে প্রাথমিকভাবে কৃষি দুর্গত এলাকা ঘোষণার দাবি জানান। তিনি আরও বলেন কৃষকের এই দুঃসময়ে সরকার এবং বিভিন্ন বেসরকারি এনজিও সংস্থা কৃষকদের পাশে এগিয়ে আসা উচিত। এছাড়াও সরকার ৩ মাসের জন্য কৃষকদের যে আত্মিক আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। তা ইমিডিয়েট পাঠানো দরকার বলে তিনি মনে করেন।
শিশির মনির আরও বলেন, প্রতি বছরই হাওরে জলাবদ্ধতার ঘটনা ঘটবে, গত চৈত্র মাসে আমরা দেখেছি হাওরে পানি নাই, হাওর এমনভাবে শুকিয়েছিল এসময় মানুষ জমিতে পানি দিবে কোথা থেকে খুঁজে পাচ্ছিলনা এবং সেচের কোন ব্যবস্থাও ছিল না। আর এখন বৈশাখ মাসে হাওরের যেদিকে চোখ যায়, শুধু পানি আর পানি। আসলে এটা কোন নদীর পানি না, বন্যার পানিও না। এটা কেবলই বৃষ্টির পানি। এ পানি হাওরে জমা হয়, কোথাও যায়না, যেতে পারে না। যাওয়ার কোন রাস্তা নেই। প্রতি বছর হাওরে অপরিকল্পিত পিআইসি বাধ দিয়ে দিয়ে হাওর গুলোর এ অবস্থা করা হয়েছে।
সুনামগঞ্জের ভাটি অঞ্চলের সবকটি হাওরের একই অবস্থা। এ সমস্যা থেকে মুক্তি পেতে হলে, সরকারকে মেগা প্রকল্পে হাত দিতে হবে। এই মেগা প্রকল্প কেবল দুই চার কোটি টাকার বিষয় নয়। প্রয়োজন হলে ৫শ ১ হাজার টাকার প্রকল্প লাগবে। এখানে খাল, বিল, নদী খনন করতে হবে। পানি থাকার ব্যবস্থা করতে হবে। পানি যেটা আসবে, সেটা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। যথেষ্ট সুইচগেট করতে হবে। একটা হওর থেকে আরেকটা হাওর আলাদা করতে হবে। এবং আমি যেগুলো বলছি এগুলো আমার ইনস্ট্যান্ট বুদ্ধির কথা। কিন্তু ইঞ্জিনিয়ার ডাকলে পৃথিবীর বিভিন্ন দেশে এ সমস্ত হাওর আছে। ধান চাষ প্রকল্প আছে তাদেরকে ডেকে, বসে প্রকৃত সমাধান করতে পারেন তবেই আমি মনে করবো কৃষকদের জন্য কিছু করা হয়েছে।



