আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে বাতিল
নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৮:২০:৫৫ অপরাহ্ন
এখন থেকে নারী কর্মকর্তাদের “স্যার” সম্বোধনের বাধ্যবাধকতা থাকছে না। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে হাসিনা সরকারের সময় জারি করা ‘প্রটোকল নির্দেশনা’ পর্যালোচনার সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এক পোস্টে লিখেন, “শেখ হাসিনার ১৬ বছরের স্বৈরশাসনের সময়, একটি নির্দেশনা জারি করা হয়েছিল, যাতে সরকারি কর্মকর্তাদের তাকে ‘স্যার’ বলে সম্বোধন করতে বলা হয়। যা পরবর্তীতে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল এবং এখনও অনেককে ‘স্যার’ বলে সম্বোধন করা হয়ে থাকে- যা নিঃসন্দেহে অস্বাভাবিক।”
উপদেষ্টা পরিষদ সেই নির্দেশনাটি বাতিল করেছে জানিয়ে শফিকুল আলম আরও লিখেছেন, “১০ জুলাই উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে সেই নির্দেশনাটি বাতিল করেছে। একইসঙ্গে, মন্ত্রিসভার জারি করা অন্যান্য জটিল প্রটোকল নির্দেশনা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।”
প্রেস সচিব জানান, প্রটোকল নির্দেশনা ও সম্মানসূচক উপাধি পর্যালোচনা করে যথাযথ সংশোধনের প্রস্তাব দেওয়ার জন্য এক মাসের মধ্যে একটি সুপারিশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।




