সিলেট অর্কিড সোসাইটির অন্যরকম উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০২৫, ১০:৪৪:১১ অপরাহ্ন
সিলেট অর্কিড সোসাইটির উদ্যোগে পুরাতন মেডিকেল কলোনির বৃক্ষগুলোতে স্থানীয় প্রজাতির অর্কিড লাগানো হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক্তার শিমু, বাহার, রানা, ফয়সল, রেজওয়ানা, শারমিন, মুন ও নুপূর প্রমুখ।
অমরাবতী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সিলেট শহরের সংরক্ষিত এলাকার গাছে গাছে অর্কিড লাগিয়ে শহরে অর্কিডের আবাসস্থল পুনঃস্থাপনের লক্ষ্য নিয়ে সিলেট অর্কিড সোসাইটি এ কর্মসূচি পালন করেছে। সোসাইটির সদস্যদের নিজস্ব সংগ্রহে থাকা অর্কিড থেকেই চারাগুলো নেয়া হয়। এছাড়া সুগন্ধা নার্সারির অধিকারী মোহাম্মদ দেলোয়ার তার সংগ্রহ থেকে কিছু অর্কিড প্রদান করেন। ভালো বৃষ্টিপাত হলে অর্কিডগুলো বড় গাছের শাখায় তাদের আবাসস্থল করে নিতে পারবে বলে আশা করা যাচ্ছে।
অমরাবতী জানায়, নিকট অতীতেও সিলেট শহরের রাস্তার পাশের গাছগুলোতেই অর্কিড দেখা যেত। মার্চ, এপ্রিল ও মে মাসে নানা রঙের অপরূপ ফুল ফুটে থাকতো বড় আমগাছ, শিরিষ গাছের শাখায়। এগুলো নজর কাঁড়তো পথিকের। নগরায়নের প্রভাবে পথের ধারে এখন তেমন গাছও নেই, নেই অর্কিডও। যে কয়টা গাছ আছে, অর্কিড খেকোদেরা অবাধে সেই গাছগুলো থেকে অর্কিড তুলে নিয়ে বিক্রি করে দিচ্ছে। ফলে গাছগুলো এখন অর্কিডশূন্য।

সংগঠনটি আরও জানায়, ২০১৫ সালে শিরিন চৌধুরীর হাত ধরে সিলেট অর্কিড সোসাইটির পথ চলা শুরু হয়। সময়ের পরিক্রমায় দেশের নানা জেলা এবং দেশের বাইরের অর্কিডপ্রেমিরা সিলেট অর্কিড সোসাইটিতে যুক্ত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। পরিবেশ সংরক্ষণে অর্কিড সোসাইটির লক্ষ্য সফল হোক, সিলেট শহর আগের মতো অর্কিডের শহর হয়ে উঠুক, এই প্রত্যাশা তাদের। বিজ্ঞপ্তি।




