জৈন্তাপুরে বিজিবি’র অভিযানে ভারতীয় মহিষ আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৭:৩৭ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অভিযানে ৫৩ টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) ১৯ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ই সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপি’র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে ৩.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সারিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫৩ টি মহিষ আটক করে।
আটককৃত মহিষের আনুমানিক বাজারমূল্য ৯৯ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের আনোয়ার বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিত কল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




