বিপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্মরণ করা হবে হাদিকে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৪৯:০৪ অপরাহ্ন
লবীব আহমদ :
চা-বাগান ও পাহাড়ি সৌন্দর্য এবং পর্যটন নগরী হিসেবে খ্যাত সিলেটে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমকালো আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাক্কাতুরা স্টেডিয়াম মাঠে উদ্বোধনী ম্যাচে বেলা ৩ টায় নামবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। এবারের উদ্বোধনটা সিলেটে হওয়ায় বেশ উচ্ছ্বাসিত সিলেটের ক্রিকেটপ্রেমীরা। যার কারণে প্রথম ২ ম্যাচের টিকিট অনলাইনে দেওয়ার মুহুর্তেই বিক্রি হয়ে গেছে। সিলেট পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটের মাঠে স্মরণ করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে। পাশাপাশি সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হাদির ছবি ভেসে উঠবে।
এবার নিরাপত্তার কারণে ঢাকার জমকালো আয়োজন বাতিল হলেও ক্রিকেটপ্রেমীদের হতাশ করছে না বিসিবি। আজ শুক্রবার বেলা ২টায় টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছোট পরিসরে হলেও আয়োজিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে দেশের বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড। নিরাপত্তার কথা মাথায় রেখে ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পরিবর্তে এই আয়োজনটি সিলেটে সরিয়ে নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম দিনের ম্যাচের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয় আগের সময়সূচি থেকে। আগের সূচি অনুযায়ী দুপুর ২টায় ম্যাচ শুরুর কথা থাকলেও, তা পিছিয়ে বেলা ৩টায় নির্ধারণ করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটানস মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্সের। এছাড়া দুই ইনিংসের মাঝখানে ২০ মিনিটের বিরতি রাখা হয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে রাত ৭টা ৪৫ মিনিটে, যেখানে নোয়াখালী এক্সপ্রেস লড়বে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে।
টিকিটের দাম)-
সিলেট পর্বের গ্যালারি ভেদে টিকেটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। শহীদ তুরাব স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও ক্লাব হাউজের টিকিটের মূল্য ২৫০ টাকা থেকে ৬০০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকা গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য। এবার পুরোপুরি অনলাইনে কাগজবিহীন টিকিট বিক্রি করা হচ্ছে।
এবারের বিপিএলে সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে কিনেছে চট্টগ্রাম রয়্যালস। দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকা দাম উঠেছে হৃদয়ের। তাঁকে কিনেছে রংপুর রাইডার্স। একই দল লিটনকে কিনেছে ৭০ লাখ টাকায়। তাসকিনকে সরাসরি চুক্তিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। এই বিপিএলেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। তবে সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নেই এবার। সাকিব আল হাসান, তামিম ইকবালকেও দেখা যাবে না ২০২৬ বিপিএলে।
এবার শক্ত দল গঠন করেছে সিলেট টাইটান্স। সিলেটে বাংলাদেশ দলের নিয়মিত ওপেনার পারভেজ হোসেন ছাড়াও রনি তালুকদার ও জাকির হাসান, বিদেশিদের মধ্যে পাকিস্তানের সাইম আইয়ুব রয়েছেন ওপেনিংয়ে। এ ছাড়া আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক রয়েছেন।
টি-টোয়েন্টিতে নাসুম আহমেদ বাংলাদেশের অন্যতম কার্যকর স্পিনার, বিশেষ করে নতুন বলে। মিরাজ টি-টোয়েন্টি দলে নিয়মিত না হলেও নিজের কাজটা জানেন। আছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস। সিলেটের পেস বিভাগটাও মন্দ নয়। পাকিস্তানের মোহাম্মদ আমির পুরো টুর্নামেন্ট খেলতে পারলে আক্রমনটা আরও ধারালো হবে। তাঁর সঙ্গে থাকবেন খালেদ আহমেদ, যিনি গত বিপিএলে নিয়েছিলেন ২০ উইকেট। দীর্ঘদিন চোটে ভোগার পর ফেরা ইবাদত হোসেনের জন্যও এটা হতে পারে নিজেকে নতুন করে মেলে ধরার মঞ্চ। আছেন রুয়েল মিয়া ও শহীদুল ইসলাম। বিদেশি পেস বোলিং অলরাউন্ডারও আছেন তিনজন।
বিদেশি ক্রিকেটার বাছাইয়ে সিলেট বেশ গোছানো কাজ করেছে। ব্যাটিংয়ে সাইম, পেসে আমির-দুজনই বড় নাম। অলরাউন্ডার বিভাগে আছেন আজমতউল্লাহ ওমরজাই, মঈন আলী।
সিলেট পর্ব শেষ হবে ২ জানুয়ারি। এরপর ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রাম পর্ব এবং ১৫ জানুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত ঢাকা পর্ব অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল হবে ২৩ জানুয়ারি।
উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহ দুই বন্ধু নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই। রাজশাহীর অধিনায়ক শান্ত গণমাধ্যমকে বলেন, ‘হোম ক্রাউডের বিপক্ষে খেলা রোমাঞ্চকর। দুই দলই শক্তিশালী, যে দল ভালো খেলবে, সেই জিতবে। ‘
অন্যদিকে, মিরাজ যোগ করেন, ‘আমার স্বপ্ন সিলেটকে প্রথমবার চ্যাম্পিয়ন করা। এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি হবে। ‘
উদ্বোধনী ম্যাচের নিরাপত্তা বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চেকপোস্টে, পিকেট, পেট্রোল, সাদা পোশাকে, ট্রাফিক, মোবাইল, স্ট্রাইকিং, ড্রোন সহ সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব প্রস্তুতি শেষ করেছি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতিখার রহমান মিঠু গণমাধ্যমকে বলেছেন, ‘সবাই জানেন যে, এবার কোন আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না। তবে আমরা ক্রীড়া সচিব আর বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে দিয়ে উদ্বোধন করাবো। তার আগে কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। ‘খেলা শুরুর আগে জুলাই বিপ্লবের অন্যতম সেনানী ওসমান হাদি স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে। তার আগে সিলেট স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে হাদির ছবি ভেসে উঠবে। এছাড়া প্রথম ম্যাচ শেষে ৪০-৪৫ মিনিটের একটি কনসার্টও অনুষ্ঠিত হবে। ওই কনসার্টের আগে ৬ প্রতিযোগী দলের থিম সং বাজানো হবে। আর পাশাপাশি আতশবাজি ফোটানোও হবে।’




