আল-হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ
প্রকৃত সাফল্য হলো অর্জিত শিক্ষাকে জীবনে কাজে লাগানো- মাওলানা হাবিবুর রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯:৩৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : আল-হেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদরাসার একটি হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মাওলানা মাশহুদুল আম্বিয়া মহসিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন, একটি মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল মানে শুধু কিছু নাম্বারের যোগফল নয়, বরং এটি একজন শিক্ষার্থীর নৈতিক ও দ্বীনি শিক্ষার এক বছরের মেহনতের ফসল। তোমাদের মধ্যে যারা আজ পুরস্কৃত হয়েছ, তোমাদের অভিনন্দন। তবে মনে রাখবে, এই ফলাফলই শেষ নয়; প্রকৃত সাফল্য হলো এই অর্জিত শিক্ষাকে জীবনে কাজে লাগানো। আর যারা কাঙ্ক্ষিত ফলাফল করতে পারোনি, হতাশ হওয়ার কিছু নেই। নতুন উদ্যমে চেষ্টা করো, ইনশাআল্লাহ আগামীতে তোমরাও সফল হবে।
শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সুশিক্ষিত করার পেছনে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম। মাদ্রাসা শিক্ষা আমাদের সন্তানদের দুনিয়া ও আখিরাত উভয় জগতের জন্য তৈরি করে। আপনারা তাদের প্রতি আরও যত্নশীল হবেন এবং নৈতিক পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের সহযোগিতা করবেন।
আমি এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং যারা আজকের এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সংগঠক নাসির উদ্দিন, জামেয়ার ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য আব্দুল বাসিত বাছন এবং জামেয়ার শুভাকাঙ্ক্ষী ডাক্তার আব্দুস সালাম, শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুল কাদির, মোজাম্মেল হোসেন, অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন- শাহজাহান আহমদ, আলমগীর হোসাইন, তমছির আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যের পর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




