খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেট জেলা ও মহানগর বিএনপির দোয়া মাহফিল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২৬, ৩:২০:১৪ অপরাহ্ন
ডাক ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কোর্ট পয়েন্টে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মুসল্লিরাও অংশ নেন।
দোয়া পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ আসজদ আহমেদ চৌধুরী। দোয়ার পূর্বে বেগম খালেদা জিয়ার কর্মজীবনের উপর সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন, ইসলাম ও আলেম-সমাজের প্রতি দরদী ছিলেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন এবং আলেম-সমাজের সঙ্গে সুদৃঢ় সম্পর্কের এক অনন্য উদাহরণ তৈরি করেছিলেন তিনি। বেগম খালেদা জিয়া ব্যক্তিগত জীবনে যেমন ধর্মপ্রাণ ছিলেন, ইসলামের প্রসারেও তিনি কার্যকর ভূমিকা রেখেছেন।
দেশের দ্বীনি শিক্ষা তথা মাদরাসা শিক্ষা উন্নয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। দোয়া মাহফিলে তেলাওয়াত করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সালেহ আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক, জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।




