লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তন
স্মৃতি জাগানিয়া একটি দিন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০২৬, ৩:১৩:১৩ অপরাহ্ন
ইউনুস চৌধুরী :
হাজার হাজার শিক্ষার্থীতে মুখরিত ক্যাম্পাস। হাস্যউজ্জ্বল শিক্ষার্থীরা ঘুরে ফিরছেন ক্যাম্পাস জুড়ে। দল বেঁধে গল্প অথবা ফটোসেশন, আবার পরিবারের সদস্যদের নিয়ে অনেকে বলছেন কথা। কেউ পরিচয় দিচ্ছেন কেউবা পরিচিত হচ্ছেন। বিভাগ থেকে ক্যাম্পাস, শহীদ মিনার সর্বত্র শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দের ফল্গুধারা।
গতকাল শনিবার লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমবার্তন উপলক্ষে ক্যাম্পাস হয়ে উঠে এমন আনন্দঘন ও উৎসবমুখর। সমাবর্তন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মিলন মেলায় পরিনত হয় বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন বিশ^বিদ্যালয়ে। বিশ^বিদ্যালয়ের এক একটি বাস আসে আর শিক্ষার্থীদের লাইন বেরিয়ে এসে প্রবেশ করে ক্যাম্পাসে।
সকাল ১০টার পূর্বেই শিক্ষার্থীতে পরিপূর্ণ হয়ে যায় ক্যাম্পাস। প্রত্যেক শিক্ষার্থীকে নিজ বিভাগ থেকে তুলে দেয়া হয় সমাবর্তন গাউন ও হেট। গাউন ও হেট পরে শিক্ষার্থীরা বেরিয়ে পড়েন ক্যাম্পাসে। দল বেধে চলে গল্প গান। আবার সমাবর্তনের লোগো সম্বলিত ফটো স্ট্যান্ড এর সমানে চলে ছবি তোলা। এরপর আবার সবাই এক সাথে হয়ে তুলছেন ছবি। ছুটে গিয়ে মাঠে সবাই এক সাথে হেট ছুড়ে দিচ্ছেন আকাশে। শিক্ষকদের সাথে দেখা করে দোয়া নিচ্ছেন গ্র্যাজুয়েটরা। অনেকে এসেছেন পিতা-মাতাকে নিয়ে। নিজের গ্র্যাজুয়েশনের অনুষ্ঠানে মাতাপিতাকে সাথে নিয়ে উদযাপনের আনন্দ ভাগাভাগি করতে।
অনেকে আবার এসেছেন স্বামী-স্ত্রী ও সন্তান নিয়ে। গাউন ও হেট পড়ে প্রিয়জনদের সাথে আবেগ আপ্লুত বন্ধুরা। পিতা মাতা ও স্ত্রী বা স্বামী-সন্তানের মাথায় হেট পরিয়ে দিয়ে স্মরণীয় করে রাখছেন মুহূর্তকে। শহীদ মিনারের সামনে বেশি হয় ফটো সেশন।
অনেকে পিতা অথবা মাতার গায়ে গাউন ও মাথায় হেট পরিয়ে ছবি তুলছেন।
গ্র্যাজুয়েশন প্রাপ্ত স্বামী স্ত্রীর মাথায় হেট পরিয়ে তুলছেন ছবি, আবার স্ত্রী স্বামীর মাথায় হেট পরাতে গিয়ে নাগাল না পাওয়ায় হাটু গেড়ে বসছে হেট গ্রহণ করে স্ত্রীর অর্জনকে উদযাপন করেন। নানা রংয়ের গাউন ও হেট পরা হাজারো শিক্ষার্থী, ফুল আর পতাকায় সজ্জিত ক্যাম্পাসে বেলা সাড়ে ১০টার মধ্যে ক্যাম্পাস পুরোপুরি ক্যাম্পাস সাজে উৎসবের রংয়ে। বেলা পৌনে ১১টায় ‘সমাবর্তন প্রসেশন’ এর মধ্যে দিয়ে বিভিন্ন বিভাগের গ্র্যাজুয়েটরা সারিবদ্ধ ভাবে অনুষ্ঠান স্থলে আসেন।
পরে একাডেমিক কাউন্সিল, ট্রাস্টিবোর্ড ও সমাবর্তন চেয়ার সৈয়দা রেজওয়ানা হাসানসহ অতিথিরা ‘সমাবর্তন প্রসেশন’ অনুষ্ঠান স্থানে উপস্থিত হন। এসময় মুহুমুহু করতালীতে তাদের অভ্যর্থনা জানান অভিভাবকসহ উপস্থিত সুধিমন্ডলি। এবারের সমাবর্তনে লিডিং ইউনিভার্সিটির চারটি অনুষদ- ব্যবসায় প্রশাসন, কলা ও আধুনিক ভাষা, সামাজিক বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান অনুষদের অধীনে ১০টি বিভাগ- ব্যবসায় প্রশাসন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ইংরেজি, আইন, ইসলামিক স্টাডিজ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিকেল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক হেলথ বিভাগের স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ ৬ হাজার ১৯৩ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়।
লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে রেজিস্ট্রিকৃত ১০৭৫ জন গ্র্যাজুয়েটদের মধ্য থেকে কৃতিত্বপূর্ণ ১৫ জন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল, ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল, ফাউন্ডার গোল্ড মেডেল এবং কো-ফাউন্ডার গোল্ড মেডেল প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকল গ্র্যাজুয়েটদের পরিচয় করিয়ে দেয়া হয়। এসময় ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি ও সমাবর্তন চেয়ার বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গ্র্যাজুয়েট ডিগ্রি প্রদানের ঘোষণা দিলে বিপুল হস্যধ্বনি ও করতালীতে মুখরিত হয় ক্যাম্পাস।
সমাবর্তন হেট রাইট সাইড থেকে লেফট সাইড করে সম্পন্ন হয় গ্র্যাজুয়েশন অর্জনের আনুষ্ঠানিকতা। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ গান- আড্ডায় শেষ হয় আনন্দমেলার।




