কিডনি ফাউন্ডেশন সিলেটের ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৫:১২:৩৩ অপরাহ্ন
কিডনি ফাউন্ডেশন সিলেটের ৮ম বার্ষিক সাধারণ সভা রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ফাউন্ডেশনের ট্রাস্টি, আজীবন সদস্য, উপদেষ্টা ও আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
স্বাগত বক্তব্য রাখেন কিডনি ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ, এমডি., (এফএএসএন)। তিনি ফাউন্ডেশনের লক্ষ্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এরপর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) মোহাম্মদ আবদুস সালাম, বিপি কিডনি ফাউন্ডেশন হাসপাতালের নির্মাণ অগ্রগতি ও বিভিন্ন অবদানের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন। কোষাধ্যক্ষ জুবায়ের আহমেদ চৌধুরী সভায় আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন।
হাসপাতালের সেবাসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন পরিচালক (মেডিক্যাল) ও নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. কাজী মুশফিক আহমেদ এবং ডা. ফাতেমা খানম। তারা ডায়ালাইসিস, ইনডোর সেবা, ভবিষ্যৎ আইসিইউ ও ওটি কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করেন। এছাড়াও ইউএসএ প্রতিনিধি মিঃ জুয়েল চৌধুরী এবং ইউকে প্রতিনিধি নজরুল ইসলাম বাসন প্রতিবেদন পেশ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর উত্তম মেজর জেনারেল (অব.) আজিজুর রহমান। তিনি কিডনি ফাউন্ডেশন সিলেটের মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ধন্যবাদ জ্ঞাপন করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিব। সভা শেষে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য, কিডনি ফাউন্ডেশন সিলেট দীর্ঘদিন ধরে স্বল্প ব্যয়ে কিডনি রোগীদের সেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতে আরও আধুনিক ও বিস্তৃত সেবা চালুর লক্ষ্যে কাজ করছে।




