সিলেট থেকে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ১২:৩০:৩৬ অপরাহ্ন
কাউসার চৌধুরী :
আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে পূণ্যভুমি সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিমানযোগে গত বুধবার রাতে সিলেট পৌঁছার পর তিনি প্রথমে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান(র.) মাজার জিয়ারত করেন। রাত সাড়ে ১২টায় তিনি শ্বশুরবাড়ি বিরাহিমপুরে যান। সেখান থেকে রাত –টায় তিনি হোটেল গ্র্যান্ড সিলেটে পৌঁছেন। তাঁর সিলেট সফরকে ঘিরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। চেয়ারম্যানকে কাছে পেয়ে উজ্জীবিত দলের সর্বস্তরের নেতা-কর্মীরা। সিলেটের মেয়ে স্ত্রী ডা: জুবায়দা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাঁর সফরসঙ্গী ১৩ জন বলে জানিয়েছেন আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র।
বিএনপি সূত্র জানিয়েছে, লাল-সবুজ বাসে করে তারেক রহমান দেশব্যাপী ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা উদ্বোধন করবেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবার পরই বাসে করে তিনি প্রচারণা শুরু করবেন। ‘সবার আগে বাংলাদেশ শ্লোগান’ নিয়ে আজ একে একে সাত জেলার সাতটি জনসভায় তাঁর অংশ গ্রহণের কথা রয়েছে।
এদিকে, জনসভায় অংশ নিতে গতকাল বুধবার থেকেই নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন। নেতাকর্মীদের পদভারে সিলেট নগরী পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ২১ বছর পর আজ সিলেটে এলেন তারেক রহমান। এখান থেকেই আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার জনসভার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্য প্রয়াত সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও প্রতিবার নির্বাচনের আগে দুই ওলির মাজার জিয়ারতের পাশাপাশি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করতেন। দলের চেয়ারম্যান হবার পর এবার সিলেট থেকেই প্রথম নির্বাচনী যাত্রা শুরু করছেন-এটা এ অঞ্চলের মানুষের জন্য চরম সৌভাগ্যের।
দুই ওলির মাজার জিয়ারত, গেলেন শ্বশুরবাড়িও
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর পরই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাত ৯ টা ২০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ছুটে যান। তিনি মাজারে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাত করেন। তিনি হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে এশার নামাজ আদায় করেন। মাজার জিয়ারত শেষে তারেক রহমান মাজার সংলগ্ন কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। হযরত শাহজালাল (র.) জিয়ারতশেষে ৭ কিলোমিটার দূরবর্তী হযরত শাহপরান(র.) মাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। জিয়ারতশেষে রাত ১২টার দিকে তিনি শ্বশুরালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। শ্বশুরবাড়ি যাবার উদ্দেশ্যে রাত সাড়ে ১২টায় তিনি দক্ষিণ সুরমার চন্ডিপুল অতিক্রম করছিলেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো: সাইফুল ইসলাম।
সিলেট থেকে ধানের শীষের প্রচারণা শুরু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু উপলক্ষে বিএনপি সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আজ সকাল দশটায় জনসভার আয়োজন করেছে। এতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথির বক্তব্য দেবেন। এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জনসভার সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনসভাস্থলসহ আশপাশের এলাকায় নেয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। গতকাল বুধবার রাত থেকেই দলের নেতা-কর্মীরা আলীয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রীতি অনুসরণ করে তারেক রহমানও সিলেট থেকে তার নির্বাচনী যাত্রা শুরু করবেন।
বিএনপি’র তরুণ নেতাদের মধ্যে-আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ ও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব মঞ্চে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে সকাল ১০টায় এয়ারপোর্ট রোডস্থ গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে তিনি শতাধিক ‘অরাজনৈতিক তরুণে’র সাথে মতবিনিময় করবেন।
আলীয়া মাঠের আশ-পাশে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন
দীর্ঘদিন পরে মাদ্রাসা মাঠে এই জনসভাকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি। মাঠের আশপাশে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারির পাশাপাশি চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন।
জনসভায় অংশগ্রহণ করতে সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেতাকর্মীরা মাদ্রাসা মাঠে ছুটে এসেছেন। কেবল ধর্মপাশা নয় সুনামগঞ্জ, সিলেটের দূর-দূরান্তের এলাকা থেকে হাজার হাজার কর্মী-সমর্থকরা ছুটে আসায় লোকে-লোকারণ্য হয়ে উঠেছে মাদ্রাসা মাঠ। জাতীয় পতাকা আর বিএনপির দলীয় পতাকা হাতে মাঠটি লালসবুজে ভেসে ওঠে। আছে ধানের শীষের নির্বাচনী উপকরণও।
কোম্পানীগঞ্জ থেকে আসা আমেরিকা প্রবাসী বিএনপি নেতা সৈয়দ আলী জানান, তাদের এলাকার শতাধিক নেতা-কর্মী রাত থেকে আলীয়ার মাঠ এলাকায় অবস্থান করছেন। নেতা-কর্মীদের বিপুল উপস্থিতিতে দলের চেয়ারম্যানের জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র জানায়, এবারের জনসভায় রাজধানী ঢাকা থেকে সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যার আগেই সাউন্ড সিস্টেমের পুরো টিম জনসভাস্থলে পৌঁছে।
নির্বাচনী আচরণ বিধি থাকায় স্বাভাবিক জনসভার চেয়ে এই নির্বাচনী জনসভায় তুলনামূলক মাইকের সংখ্যা কম। জনসভাকে কেন্দ্র করে সিলেট নগরীতে উৎসবের আমেজ বইছে।
লালসবুজ বাসে আজ থেকে প্রচারণা শুরু
‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে আজ সিলেট থেকে লালসবুজ বাসে করে প্রচারণা শুরু হচ্ছে। এই বাসে করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষের প্রচারণায় দেশের পথে প্রান্তরে ছুটে যাবেন।
সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠের প্রথম দিনের জনসভার মধ্য দিয়ে শুরু হওয়া আনুষ্ঠানিক প্রচারণার বাসটি এরপর মৌলভীবাজার জেলার শেরপুর আইনপুর খেলার মাঠে যাবে। সেখানে বেলা ১ টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। বেলা আড়াইটায় হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে সমাবেশ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কুট্টাপাড়া ফুটবল মাঠে বিকেল ৪টায় ও কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে বিকেল ৫ টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নরসিংদীর পৌর পার্ক সংলগ্ন সমাবেশ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭ টায়। সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার/ রূপগঞ্জ গাউসিয়া এলাকায় রাত সাড়ে আটটায় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।
একুশ বছর পর সিলেটে তারেক রহমান
তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালের ডিসেম্বরে সিলেট সফরে এসেছিলেন। তখন তিনি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। সিলেট জেলা স্টেডিয়ামে সিলেট বিভাগ বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন। এবার এসেছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে, জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে। দীর্ঘদিন পর তারেক রহমানের সিলেট আগমনের কর্মসূচি ঘিরে চলে ব্যাপক প্রস্তুতি। দলের নেতাকর্মীদের মাঝে দেখা দেয় উৎসাহ উদ্দীপনা। লন্ডনে দীর্ঘ নির্বাসনের পরে গত ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে সিলেট হয়ে দেশে ফিরেন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ওই বিমান যাত্রাবিরতি করলেও তারেক রহমান বিমান থেকে নামেননি। একুশ বছর পর গতকাল বুধবার রাত ৭ টা ৫৭ মিনিটে বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক তারেক রহমান সিলেট পৌঁছেন। বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক চৌধুরী, এম এ মালিক ও তাহসিনা রুশদির লুনা, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ নেতৃবৃন্দ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।




