সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২৬, ১১:৫৯:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জনের প্রাণহানীর ঘটনা ঘটেছে। ঈদের পরদিন ২২ মার্চ হবিগঞ্জ ও সুনামগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হন। একই দিনে সুনামগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলী এলাকায় রোববার দুপুরে সুনামগঞ্জ-দিরাই সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জন নিহত ও একজন আহত হন। নিহতরা হলেন- শান্তিগঞ্জ উপজেলার মুক্তাখাই গ্রামের আক্কেল আলীর ছেলে সাইদুল ইসলাম (৩০) এবং একই গ্রামের মৃত উকিল আলীর ছেলে সফিকুল ইসলাম (২৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু মোটরসাইকেলে করে তাহিরপুরের শিমুল বাগানে যাওয়ার পথে গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন গুরুতর আহত হন এবং অপরজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আরেকজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকেলে তাকেও মৃত ঘোষণা করা হয়। আহত গুলজার আহমদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলি উল্যাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
হবিগঞ্জের (মাধবপুর) উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান খাদে পড়ে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনাটি উপজেলার আন্দিউড়া এলাকায় ঘটে।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়, রোববার রাতে একটি পিকআপ ভ্যান সুনামগঞ্জ থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পিকআপটিতে চালকসহ একটি পরিবারের তিনজন সদস্য ছিলেন। পথে আন্দিউড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি রাস্তার পাশের গভীর খাদে পড়ে পানিতে ডুবে যায়।
সোমবার সকালে স্থানীয় লোকজন খাদে একটি ডুবন্ত পিকআপ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানির নিচ থেকে পিকআপটি উদ্ধার করে এবং ভেতর থেকে চারজনের মরদেহ বের করে আনে।
নিহতদের মধ্যে ইব্রাহীম (৪০), যার বাড়ি সুনামগঞ্জ জেলার শাল¬া উপজেলায়; সজিব মিয়া (১২) ও আছমা আক্তার (৪০), তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। অপর এক পুরুষের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এএসআই আঃ রহিম জানান, রাতের অন্ধকারে এবং রাস্তার নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম।




