দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকের করুণ মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৬, ৭:৫৬:২৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অসীত চন্দ্র দাস (৩৩) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার চরনারচর ইউনিয়নের সত্যান্দপুর গ্রামের মুক্তিযোদ্ধা সতীস চন্দ্র দাসের ছেলে। তিনি উপজেলার রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে নিজ বাসায় পানির মোটরের লাইন মাল্টিপ্লাগে লাগাতে যান অসিত চন্দ্র দাস। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি মো. এনামুল হক চৌধুরী।




