আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শাবিকে বিজয়ী ঘোষণা, আরও যেসব সিদ্ধান্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০২৬, ৪:১৬:৫৫ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা চলাকালীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ম্যাচে সংঘটিত এ ঘটনায় শাবিপ্রবির এক শিক্ষার্থীকে মারধর করে রক্তাক্ত করেছেন রাবির দলের সদস্যরা। এ ঘটনায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার(১৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “চবি কর্তপক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়গুলো রাতে মুঠোফোনে কল দিয়ে জানানো হয়েছে। ”
প্রক্টর বলেন, সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই বিষয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, রাবির বিপক্ষে শাবিপ্রবির দলকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
দ্বিতীয়ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় অভিমালো (জার্সি নং ১১) কে অখেলোয়াড় সুলভ ও মারমুখি আচরণের কারণে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করা হয়। একইসাথে ঘটনার পরিক্রমায় সংঘর্ষে লিপ্ত হওয়ায় শাহরুল ইসলাম (জার্সি নং ৫) কে সতর্ক করার জন্যও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করা হয় ।
তৃতীয়ত, অখেলোয়াড়ী সুলভ আচরণের জন্য শাবিপ্রবি দলের দুইজন খেলোয়াড় ফারহান তামিম দিপ্ত (জার্সি নং ২২) এবং আসাদুল হাবিব (জার্সি নং ১১) কে উক্ত টুর্নামেন্টের পরবর্তী সকল খেলা থেকে বহিষ্কার করা হয়।




