সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১০:৩৪:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩ শিশু মারা গেছেন। এনিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় আরও ৫ জন নতুন হাম রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত সিলেট বিভাগে মোট ল্যাব কনফার্ম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।
আজ সোমবার (২৫ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ শিশু হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ১ বছর ২ মাস বয়সী মহসিন, সিলেট সদর উপজেলার ৮ মাস বয়সী মাজহারুল ও মৌলভীবাজার সদরের ৪ মাস বয়সী তানিয়া। তাদের মধ্যে শুধু মহসিন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে আর বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ৫৮ জন সন্দেহভাজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২৯ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৭০ জন সন্দেহভাজন রোগী ভর্তি আছেন। এর মধ্যে সর্বোচ্চ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।



