শাল্লায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৬, ৮:৪২:২১ অপরাহ্ন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের ইছাকপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পায়েল মিয়া নামে এক যুবক নিহত এবং নারীসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
আজ বুধবার (২৭ মে) দুপুরে গ্রামের সাইদুর রহমান গ্রুপ ও শফি মিয়ার গ্রুপের লোকজন এর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, গত বছরও একই বিষয় নিয়ে এই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
নিহত পায়েল মিয়া ইছাকপুর গ্রামের আনোয়ার মিয়ার ছেলে। সংঘর্ষে গুরুতর আহত একই গ্রামের তাহেরা বেগম (৩২) ও আলকাস মিয়াকে (৫০) প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার বিষয়ে সাইদুর রহমান অভিযোগ করেন, পরিস্থিতি বুঝে ওঠার আগেই প্রতিপক্ষ শফি মিয়ার লোকজন তাদের ওপর হামলা চালিয়ে পায়েলকে হত্যা ও অন্যদের আহত করে।
অন্যদিকে শফি মিয়ার পক্ষের আওয়াল নুর অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মারামারির কোনো ঘটনাই ঘটেনি, বরং তাদের ফাঁসানোর জন্য নিজেরা এই ঘটনা ঘটিয়েছে।
শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রোকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



