সিলেটের ডিসিকে পুনরায় স্বপদে বহালের দাবিতে মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৬, ৮:২৬:০০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে রোববার প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলী করা হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন সিলেটের জনগণ। ওইদিন বেলা ৫ টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সিলেটের সর্বস্তরের নাগরিক সমাজ ও বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের উদ্দেশ্য মানববন্ধন করে এই আদেশ বাতিল করে তাঁকে পুনরায় স্বপদে বহালের দাবি জানানো হয়। এসময় তারা হরতালেরও হুশিয়ারি দেন।
দ্বিতীয় দিনের মতো সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সিলেটের সর্বস্তরের জনগণ’ এর ব্যানারে অবস্থান কর্মসূচি করেন জনতা। এসময় মো. সারওয়ার আলম জেলা প্রশাসক কার্যালয়ে গেলে সেখানে তাঁকে অনেকে জড়িয়ে ধরেন এবং তাঁকে সিলেটে বহালের দাবিতে নানা স্লোগান দেন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে বক্তব্য দেন। একই স্থানে বেলা দুইটায় ‘সিলেটের সচেতন সমাজ’ ব্যানারে আরেকটি অবস্থান কর্মসূচি পালিত হয়।
তারা তাদের বক্তব্যে বলেন, সিলেটের মাজারের ডেগ সিলগালা করে হিসাবের আওতায় আনাই ডিসির জন্য কাল হয়েছে। কেননা এখান থেকে সকলেই টাকাপয়সা পায়। ডিসির এই উদ্যোগের ফলে তাদের লুটপাটে বাঁধা হওয়ায় ডিসিকে সরিয়ে দেওয়া হয়েছে।
পরে সোমবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের সচেতন যুবসমাজ ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা মো. সারওয়ার আলমকে স্বপদে বহাল রাখার দাবি জানান। নাহলে পরবর্তীতে কঠোর আন্দোলনেরও হুশিয়ারী দেন তারা।
প্রত্যাহার করা হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব পালন করেন বিদায়ী জেলা প্রশাসক মো: সারওয়ার আলম। তবে, সোমবার রাতেই জেলা প্রশাসক দায়িত্ব হস্তান্তর করতে পারেন বলে জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। সোমবার পর্যন্ত সিলেটে নতুন জেলা প্রশাসকও পদায়ন করা হয়নি। এ অবস্থায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব পাচ্ছেন বলে সূত্র জানিয়েছে।




