এমসি কলেজে কর্মচারীর ওপর হামলা: জড়িতদের শাস্তির দাবিতে ছাত্রশিবিরের স্মারকলিপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৬, ৮:২৬:৪৮ অপরাহ্ন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্তব্যরত সরকারি কর্মচারী জালাল উদ্দিনের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুরারিচাঁদ কলেজ শাখা। আজ রোববার সংগঠনের কলেজ শাখার সভাপতি ইসমাঈল খান ও সেক্রেটারি অলিদ হাসান স্বাক্ষরিত এই স্মারকলিপিটি আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষের নিকট প্রদান করা হয়।
স্মারকলিপিতে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত একজন সরকারি কর্মচারীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক ও অনাকাঙ্ক্ষিত হামলা অত্যন্ত নিন্দনীয়। এটি শুধু একজন ব্যক্তির নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলে না, বরং কলেজের সুশৃঙ্খল, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উক্ত ঘটনায় ছাত্রদলের কিছু নেতার সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। কোনো ব্যক্তি বা সংগঠনের পরিচয় বিবেচনা না করে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দেশের প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
ক্যাম্পাসে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এসময় ছাত্রশিবিরের পক্ষ থেকে ৫ দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো- সরকারি কর্মচারী জালাল উদ্দিনের ওপর হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা; তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা; কলেজ ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া; ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা; আগামী ২ (দুই) কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা।
স্মারকলিপি প্রদানের সময় সংগঠনের এমসি কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, শিবির স্মারকলিপি দিয়েছে। এবিষয়ে খোঁজ নিচ্ছি।
এর আগে গত বুধবার (১ জুলাই) দুপুরে মুরারিচাঁদ (এমসি) কলেজের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে উচ্চস্বরে কথা বলতে নিষেধ করায় এক কর্মচারীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠে কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী কর্মচারী জালাল উদ্দীন কলেজ লাইব্রেরির অফিস সহকারী হিসেবে কর্মরত।




