সাদাপাথরের পার্কিং এরিয়া থেকে প্রাইভেট কার চুরির অভিযোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৫:২০ অপরাহ্ন
সিলেটের সাদাপাথর এলাকার পার্কিং এরিয়া থেকে একটি প্রাইভেট কার (প্রিমিও) চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১১ টার দিকে সাদাপাথরের ১০ নম্বর খেয়াঘাটের গাড়ি পার্কিং এরিয়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পর্যটক জানান, শনিবার সকাল ৭ টার দিকে তারা একটি প্রিমিও প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ- ২১৩৮৩৮) নিয়ে সাদাপাথর ভ্রমণে আসেন। গাড়িটি নদীর ঘাটে পার্ক করে ড্রাইভারসহ পুরো দল সাদাপাথর এলাকায় ঘুরতে যান। প্রায় চার ঘণ্টা পর সকাল ১১টায় ফিরে এসে দেখেন গাড়িটি আর সেখানে নেই। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় বার্তা পাঠানো হয়েছে এবং জনগণের সহায়তাও চাওয়া হয়েছে।
গাড়ির চালক জুনায়েদ হাসান (২১) জানান, আমরা ২ টি গাড়ি করে ১৯ জন আসছিলাম। পর্যটন এরিয়ার পার্কিংয়ে নির্ধারিত ফি ১৫০ টাকা দিয়ে ২ টি গাড়ি পার্কিং করে রেখে যাই। পরে এসে দেখি আমাদের একটি গাড়ি আছে আর আরেকটি নেই। গাড়ির ভেতরেই আমাদের মালপত্র সহ পার্কিংয়ের রিসিট রেখে গিয়েছি। এখানে টাকা দিয়ে গাড়ি পার্ক করে রেখে গেলাম আর এসে দেখি গাড়ি নেই।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সাদাপাথর পর্যটন এলাকা থেকে কে বা কারা পর্যটকদের একটি প্রিমিও গাড়ি চুরি করে নিয়ে গেছে। গাড়ি চুরির ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ চোরচক্রকে ধরতে এবং গাড়ি উদ্ধার করতে কাজ করে যাচ্ছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, তাদের গাড়ি হারিয়ে যাওয়ার খবর শুনেছি। উদ্ধারে পুলিশ কাজ করছে। তবে তারা কোনো রিসিট দেখাতে না পারায় আমরা শিওর হতে পারছি না এখানে গাড়ি রাখা কি না।




