সিলেটে বেলার উদ্যোগে তথ্য অধিকার দিবস পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৩:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। রোববার বিকেলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সিলেটের উদ্যোগে বেলা কার্যালয়ে এই দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতেই তথ্য অধিকার আইন সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন বেলা সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার। এসময় তিনি তথ্য অধিকার সম্পর্কে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেন।
পরে আরেকটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন টিআইবি সিলেট এরিয়ার দায়িত্বপ্রাপ্ত মো. সাজিদুর রহমান। তিনি তথ্য অধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কিভাবে মানুষজন সহজে যেকোনো তথ্য পাবে এবং কিভাবে তথ্য অধিকারে আবেদন করা যায়, সে সম্পর্কে তিনি স্পষ্ট ধারণা দেন। এবিষয়ে একটি কুইজ প্রতিযোগিতা অংশ নেন শিক্ষার্থীরা।
এছাড়া শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তথ্য অধিকার আইনে আবেদন করেন। আলোচনা সভায় অংশগ্রহণকারীদের সবাই ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী।
এসময় শিক্ষার্থীরা বলেন, তথ্য অধিকার সম্পর্কে না জানার কারণে মানুষজনের প্রয়োজন থাকা সত্বেও তারা পর্যাপ্ত তথ্য জানতে পারে না। এছাড়া তথ্য অধিকার আইন সম্পর্কে জানা থাকলে মানুষজন অপরাধ করতেও ভয় পাবে। মানুষজন সচেতন হবে। যার কারণে দেশে দুর্নীতি হলে সেটার প্রতিবাদ মানুষ সচেতন হয়ে করতে পারবে। এই সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলে বেলাকে ধন্যবাদ দেন।




