বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে বই বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ১১:০৮:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক মন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী বলেছেন, মানুষ চেষ্টা করলে যেকোন লক্ষ্য অর্জন করতে পারে। লক্ষ্য ঠিক রেখে অধ্যবসায়ের সাথে পরিশ্রম করে গেলে সফলতা আসবেই। আমাদের মতো একদিন তোমরাও সফল মানুষে পরিণত হবে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বৃটিশ ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লৎফুর রহমান, সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, লিডিং ইউনিভার্সিটির গবেষক জসীম আল ফাহিম।
প্রধান অতিথির বক্তব্যে অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী লেখাপড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, বিশে^র যে দেশ জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে গেছে সেই দেশ তত উন্নত। বিশ^ এখন তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। আগামীদিনে এগিয়ে যেতে হলে জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
মানবকল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, শিক্ষা বিস্তারের অগ্রদূত দানবীর ড. রাগীব আলী নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন, শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার মূল লক্ষ্য হচ্ছে নৈতিকমূল্যবোধ সম্পন্ন, মানবিক মানুষ সৃষ্টি করা। আমরা লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, মানবিক গুণাবলি অর্জনের দিকে অধিক গুরুত্ব দেব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান আক্তার লাকি। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল রত্তশন আরা চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী সানদিয়া মাহবুব লানা ও শিক্ষক অর্ণব দেব। পরিচিতি পাঠ করেন মাহিমা রহমান দিশা।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও পুরস্কার বিতরণ করেন ফারহানা হক, মারওয়া চৌধুরী, রাশদান চৌধুরী, প্রকৌশলী মারওয়া চৌধুরী। তারা দরিদ্র দশটি শিশুর লেখাপড়া চালিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



