গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাইলেন তারেক রহমান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৩:০২:২৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শুক্রবার রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, ‘রংপুর আবু সাঈদের পবিত্র রক্ত মেশানো মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি বলেন, ৫ আগস্টের বিপ্লবে সাধারণ মানুষের যে অংশগ্রহণ ছিল, সেই ঐক্য ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে অধিকার প্রয়োগে সজাগ থাকার আহ্বান জানান।
রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘রংপুরকে অনেকে গরিব অঞ্চল বললেও এটি আসলে অত্যন্ত সম্ভাবনাময় এলাকা। আমাদের লক্ষ্য রংপুরকে ঢেলে সাজানো। এখানে কৃষিজাত পণ্যের শিল্পকারখানা গড়ে তোলা হবে এবং ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। এ ছাড়া স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট মেয়াদে কর ছাড় দেওয়ার পরিকল্পনাও রয়েছে আমাদের।’
কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।’
উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা জানালাম, এখন আপনাদের পরিকল্পনা কী?’ জবাবে জনতা ‘ধানের শীষ’ বলে স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ পড়েই ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজখবর নেন। গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে তারেক রহমান সড়কযোগে বগুড়া থেকে রংপুরের পীরগঞ্জের বামনপুর গ্রামে যান। এরপর তিনি শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি আবু সাঈদের বাড়িতে গিয়ে তাঁর বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। সন্ধ্যা ৬টা ২০ মিনেটের দিকে তারেক রহমান আবু সাঈদের বাড়ি থেকে রংপুর বিভাগের নির্বাচনী জনসভায় যোগ দিতে রংপুরের পথে রওনা দেন। তারেক রহমান আবার সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।
এর আগে গতকাল শুক্রবার দুপুরে বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেন তারেক রহমান। পরে বেলা ১টা ৫০ মিনিটে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে গাড়িবহর থেকে নেমে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (রহ.)এর মাজার জিয়ারত করেন। মোকামতলা বন্দর এলাকায় নির্বাচনী পথসভায়ও বক্তব্য দেন।




