ওসমানীনগর এলাকায় মহিষের গাড়ি ছিনতাইর চেষ্টা, আটক ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০:২৪ অপরাহ্ন
ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর এলাকায় একটি মহিষের গাড়ি ছিনতাইর চেষ্টা হয়েছে। এ সময় জনতা ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইয়ে জড়িত থাকা আরো চারজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন- শাহপরান থানার শৈলেন মল্লিকের পুত্র টিটন কুমার মল্লিক (৪৩) ও জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকার মৃত. গিয়াস উদ্দিনের পুত্র আব্দুর রশিদ (৫২)।
জৈন্তাপুর থেকে মহিষ বোঝাই পিকআপটি নারায়ণগঞ্জ যাওয়ার পথে গতকাল রোববার দুপুরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাম্মণশাসন এলাকায় পৌঁছলে সিলেট থেকে পিছু নিয়ে ঘটনাস্থলে ডিবি পুলিশ পরিচয়ে মহিষের গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করে।
এসময় পিকআপ গাড়িটি থামালে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পিকআপের চালক ও হেলপারকে মারধর করে ছিনতাইকারীরা। স্থানীয় জনতার বিষয়টি সন্দেহ হলে তারা নোহা গাড়িটি আটক করেন। এসময় নোহা গাড়িতে থাকা আরো ৪ জন পালিয়ে যায়।
পরে স্থানীয় জনতা ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। ছিনতাইকারীদের হামলায় পিকআপের চালক ও হেল্পার আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মুরশেদুল আলম ভূইয়া বলেন, আটককৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। চুরি, ছিনতাই রোধে থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।



