জৈন্তাপুরে রাস্তা নির্মাণ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৬, ৬:৪২:১৩ অপরাহ্ন
জৈন্তাপুর ( সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারীঘাট এলাকার (ডৌডিক) গ্রামে একটি সংখ্যালঘু পরিবারের মালিকানাধীন ধানক্ষেতের জমি দখল করে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এলাকার বিবাদমান দুটি পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করছেন সংখ্যালঘু পরিবার’টি। এ নিয়ে উভয় পক্ষ থানা-আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ডৌডিক গ্রামের সংখ্যালঘু রাজকুমার দেব বাবুলসহ তার পরিবারের জমি দখল করে প্রতিপক্ষ আলাউদ্দিন (আলাই), আব্দুর রহিম, বশির আহমদসহ অন্যদের পরিবার রাস্তা নির্মাণের চেষ্টা করে। জমি দখল করে রাস্তা নির্মাণ করাকে কেন্দ্র করে চলিত বছরের গত ১১ ফেব্রæয়ারি আলাউদ্দিন (আলাই)সহ অন্যদের পরিবারের লোকজন দ্বারা সংখ্যালঘু এই পরিবারের লোকজনের উপর হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারী-পুরুষ সহ অন্তত ৮/১০ জন লোক আহত হয়েছেন।
এই ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি পক্ষ মামলা দায়ের করে। মামলা নং-৮, তারিখ ১১ ফেব্রæয়ারি-২০২৬ই। রাজকুমার দেব বাবুল বাদী হয়ে একই গ্রামের আলাউদ্দিন (আলাই) বশির আহমদ, আব্দুর রহিম, আজির উদ্দিন, আমির উদ্দিন সহ তাদের পরিবারের নারী-পুরুষ ২২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন।
অপরদিকে আলাউদ্দিন (আলাই)-এর পরিবার এই ঘটনায় আদালতে পৃথক মামলা দায়ের করেন।
ঘটনায় খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ঐদিন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ সহ সামাজিক নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জমির মাটি কেটে রাস্তা তেরী করায় গর্ত সৃষ্টি হওয়ায় তাৎক্ষণিক ভাবে সামাজিক নেতৃবৃন্দ এলাকার লোকজন লাগিয়ে জমির খনন করা অংশ মাটি ভরাটের ব্যবস্থা করে জায়গা সমতল করে দেন।
জানা গেছে, বিগত কয়েক বছর থেকে দুই পরিবারের লোকজনের চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে।
আলাউদ্দিন (আলাই) এর পক্ষ দাবী করে আসছেন, অন্তত ১৫/২০টি পরিবার বৃটিশ আমল থেকে সারীঘাট লালাখাল গণেশ দের বাড়ি থেকে আব্দুর রহিমের বাড়ি পর্যন্ত সরকারি রাস্তা ব্যবহার করে এসব পরিবারের লোকজন যাতায়াত করে আসছেন।
সাম্প্রতিক সময়ে এই সংখ্যালঘু পরিবার কিছু জায়াগা অন্য একজনের নিকট বিক্রয় করেন এবং তিনি কাটা তারের বেড়া দিয়ে তাদের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আলাউদ্দিন (আলাই) বলেন, আমরা রাস্তা উন্মুক্ত করে দিতে গ্রামবাসির পক্ষে ২০২৫ সালের ১২ মে. উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত আবেদন দাখিল করে ছিলাম। যার ডকেট নং-৬১৩।
অপরদিকে রাজকুমার দেব বাবুল এর পক্ষ দাবী করছেন, তাদের মৌরশী জায়গা দখল করে প্রতিপক্ষ আলাউদ্দিন (আলাই) সহ জোরপূর্বক রাস্তা নির্মাণ করার চেষ্টা করে।
প্রতিপক্ষের পরিবারের লোকজনের চলাচলের জন্য অতীতে ইউনিয়ন পরিষদের অর্থায়নে পূর্বদিকে সরকারিভাবে একটি রাস্তা তৈরী করে দেওয়া হয়েছিল। তিনি আরও জানান,পূর্বদিকের সরকারি রাস্তায় আমাদের পরিবারের কিছু মালিকানাধীন জায়গা রয়েছে।
প্রতিপক্ষ নিজ স্বার্থে ব্যক্তিগত সুবিধায় আমাদের বসতবাড়ি সংলগ্ন মালিকানাধীন জায়গার উপর রাস্তা দাবি করে চলিত বছরের গত ১১ ফেব্রæয়ারি জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণ করার চেষ্টা করেন। আমরা তাদের বাধাঁ দিতে যাওয়ায় প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালান।
মূলত: লোকজনের যাতায়াতের একটি বাস্তা নিয়েই প্রতিবেশি দু’টি পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ চেষ্টা করছেন বিষয়টি সামাজিকভাবে সালিশ করে নিষ্পত্তি করতে।
রাজ কুমার দেব বলেন, ঘটনার পর থেকে আমরা পরিবার নিয়ে অনেকটা নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করে আসছি। তিনি প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণের সহায়তায় বিষয়’টি স্থায়ীভাবে সমাধান করার দাবি জানান।




