নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিহত, কমিউনিটিতে শোকের ছায়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৯:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার উডসাইডে একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উনিশ বছর বয়সী নিশাত জ্যামাইকার একটি পার্কিং গ্যারেজে পার্ট-টাইম কাজ করতেন। ছোট বোনের জন্য কেক হাতে বাড়ি ফেরার পথে তার এই মর্মান্তিক মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়।
সোমবার সন্ধ্যায় নিহত নিশাতের বাবা হেলাল আহমদ জানান, নিশাতের জানাজার নামাজ স্থানীয় সময় মঙ্গলবার জোহরের পর উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি সবার কাছে তার মেয়ের জন্য দোয়া কামনা করেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিউইয়র্ক পুলিশ বিভাগের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড বিষয়টি তদন্ত করছে।
এদিকে, এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী জানান, নিশাতের মৃত্যুতে উডসাইড ও জ্যাকসন হাইটস এলাকার লোকজন শোকাহত। কমিউনিটির সবাই তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
নিহতের বাবা ইমাম হেলাল আহমদ জানান, তিনি কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তারা ২০১৭ সালে অভিবাসী ভিসায় সিলেট থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।




