সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৯
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ৪:২৭:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ২৫ জন ও হামে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আর বর্তমানে হামে আক্রান্ত বা সন্দেহভাজন ২৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ মঙ্গলবার (১২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশু মারা গেছেন। তারা হলেন- সিলেট সদরের কাজলশাহ এলাকার ইকবালের ৭ মাস বয়সী মেয়ে ইকরা জান্নাত ও কোম্পানীগঞ্জের লামা ডিস্কিবাড়ীর শাকিল আহমদের ১০ মাস বয়সী ছেলে মারওয়ান আহমদ।
বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৩০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আর এনিয়ে হামে আক্রান্ত বা সন্দেহভাজন ২৮৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।



