দিরাইয়ে জমে উঠেছে পশুর হাট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২৬, ৫:৩৩:২৬ অপরাহ্ন
উবাইদুল হক (দিরাই) সুনামগঞ্জ থেকেঃ- কোরবানির ঈদের আর মাত্র ৬দিন বাকি। ঈদ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে পশু কেনা বেচার হাট জমে উঠেছে, তবে বিক্রি হচ্ছে কম। আজ শুক্রবার সরেজমিনে পৌর শহরের হেলিপ্যাড মাঠে পশুর হাট ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি আকারের গরুর পাশাপাশি পর্যাপ্ত ছাগল উঠেছে হাটে। তবে ক্রেতারা দামাদামি করছেন বেশি কিনছেন কম। গরু দেখে যে দাম করছেন, তাতে গরু বিক্রি করা যায় না বলে জানিয়েছেন বিক্রেতারা।
এবছর বাহিরের পাইকার চোখে না পড়লেও এ হাটে স্থানীয় খামার ও গৃহপালিত বিষমুক্ত গরুর সমাহার দেখা গেছে।
ওবায়দুর রহমান নামের এক ক্রেতা জানান, হাট ঘুরে দেখেছি, এবছর গরুর দাম চাহিদার ভিতরে আছে। আজকে নয়, আগামী হাটে গরু কিনব আশা করছি।
আঙ্গুর মিয়া জানান, এবারে গরুর দাম ঠিক আছে। দেখি সুবিধামত হলে গরু কিনব। আর না-হয় আগামী হাট পর্যন্ত অপেক্ষা করব।
গরু বিক্রেতা ইমন মিয়া জানান, ১৬টি গরু নিয়ে এ হাটে এসেছি, বিকেল ৪টা পর্যন্ত মাত্র ২টি গরু বিক্রি হয়েছে।
আশরাফ মিয়া নামের আরেক বিক্রেতা জানান, সুনামগঞ্জ থেকে ২টি গরু নিয়ে এসেছি। ক্রেতারা গরুর দাম করছেন কেনা দাম থেকেও কম। এ দামে বিক্রি করলে আমার লোকসান হবে।
স্থানীয় কৃষক ইমান আলী বলেন, আমার ঘরের পালিত গরু নিয়ে এসেছি, দাম চাই ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতা বলেন ৭০ হাজার টাকা। আজকে না বিক্রি করতে পারলে আগামী দুই হাট দেখব জানান তিনি।
গরুর হাটের হাসিলদার ওদুদ মিয়া বলেন, হাটে চাহিদা সম্পন্ন গরু উঠলেও বিক্রি হচ্ছে কম। এবছর আমাদের লস হবে। সামনে আরও দুই হাট থাকলেও আমাদের টার্গেট পূরণ হবে না মনে হয়।




