সিলেটে হামের উপসর্গ নিয়ে অর্ধশতাধিক শিশুর মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ২৯৫ জন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৬, ৮:২৩:০৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জের ১০ মাস বয়সী আবিদ, সদরের ১ বছর ৩ মাস বয়সী আরাবি আহমদ, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ৫ মাস বয়সী নাফি ইসলাম, সুনামগঞ্জের দিরাইয়ের ৬ মাস বয়সী নিলয় রায়। এর মধ্যে আবিদ ও আরাবি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং নাফি ও নিলয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ হামের আক্রান্ত না হলেও ৪৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে ২৯৫ জন হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন রয়েছেন।



