দিরাইয়ে প্রতিবেশীর হামলায় তরুণী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২৬, ৭:৫৩:৪৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিবেশীর হামলায় মিতা বেগম (১৬) নামের এক তরুনী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের নতুন বাগবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই শান্তিগঞ্জের পাথারিয়া এলাকার উজ্জ্বল (২০) গুরুতর আহত হয়েছেন। হামলার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে, আশংকাজনক অবস্থায় আহত মিতা বেগমকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এছাড়াও ওপর আহত উজ্জ্বল মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পরিবার সুত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ফুফাতো ভাই উজ্জ্বল মিয়ার সঙ্গে নতুন বাগবাড়ি গ্রামের আলাল মিয়ার ছেলে অলি ও মারুফের সঙ্গে ঘর ভাড়ার জামিনদার ও পাওনা টাকা সংক্রান্ত বিষয় নিয়ে পুর্ব বিরোধ ছিল। ঘটনার দিন উজ্জ্বল মিয়া পাওনা টাকা আদায় করতে নতুন বাগবাড়ি গ্রামে তার মামার বাড়িতে আসে। সন্ধার দিকে অলি ও মারুফের কাছে টাকা চাইতে গেলে উজ্জ্বল মিয়াকে বেদরক মারধর করে অলি ও মারুফ। এতে উজ্জ্বল মিয়া গুরুতর আহত হন।
এ ঘটনার সংবাদ পেয়ে উজ্জ্বল মিয়ার মামাতো বোন নিহত মিতা বেগম তাদের প্রতিবেশী অলি ও মারুফের খালাতো ভাই টিটু মিয়ার বাড়িতে এ বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে টিটু মিয়া ও তার স্ত্রীসহ তাদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিতা বেগমের উপর হামলা চালায়। লোহার রড ও লাঠিসোটা দিয়ে বেদম মারধরে গুরুতর আহত হন মিতা বেগম। পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টায় মিতা বেগম মারা যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।




