দিরাইয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কায় নিহত- ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৪:৪১:২৭ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে গাছের সাথে ইট পরিবহন ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে পৌর শহরের মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আনোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে উপজেলার শরিফপুর গ্রামের কে.ভি অটো ব্রিকস থেকে দিরাই সদরে ইট দিয়ে আসা ট্রাক নিয়ে ইট ভাটায় ফিরছিলেন ম্যানেজার আনোয়ার হোসেন ও চালক খালেক মিয়া। পথিমধ্যে পৌর শহরের সুজানগর প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে, সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ ভেঙে দুমড়ে মুছড়ে যায় ও ট্রাকের ভেতরেই মারা যান ম্যানেজার আনোয়ার হোসেন। ঘটনার পর ট্রাক চালক খালেক মিয়া ট্রাক ফেলে পালিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের সদস্যরা আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিরাই সুনামগঞ্জ সড়কের সুজানগর এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



