দিরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩ জনকে মোবাইল কোর্টে কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৭:৪৫:৩৩ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে মাদক বিরোধী অভিযানে ৩জন মাদকসেবী ও বিক্রেতাকে আটক করে বিভিন্ন মেয়াদি কারাদন্ড ও জরিমানা করেছে মোবাইল কোর্ট।
আজ শনিবার (৬জুন) উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারের নির্দেশনায় পৌর শহরের কলেজ রোড ও হাসপাতাল রোডে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জের পরিদর্শক আমিনুল কবিরের সহযোগিতায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হাসান সৌরভ।
অভিযানে এলাকার একজন নিয়মিত গাজা সেবনকারী ওসামা ওরফে লাদেন (২১) কে গাজা সেবনরত অবস্থায় আটক করে ২০০ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও, গাজা লেনদেন করার সময় হাতেনাতে ধরা পড়ায় জয়ন উদ্দিন (৩২) ও মো: ফারুক মিয়া (২৬) কে ২০০ টাকা জরিমানা ও ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ।



