নিসচার প্রতিবেদন
মে মাসে সিলেটের সড়কে বছরের সর্বোচ্চ ৫১ জনের প্রাণহানি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২৬, ৭:৫৬:৪৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : চলতি বছরে সিলেট বিভাগে মে মাসে সড়ক দুর্ঘটনায় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে। মে মাসে সিলেট বিভাগে ৪২ টি সড়ক দুর্ঘটনায় ৫১ জনের প্রাণহানি হয়েছে ও আহত হয়েছেন ৬৫ জন। এরমধ্যে ২০ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে ঈদ যাত্রায় ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। মে মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। মে মাসে নিহত ৫১ জনের মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন।
আজ শনিবার নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে মে মাসের সড়ক দুর্ঘটনায় এত প্রানহানি প্রধান কারণ হিসাবে, চালকদের মধ্যে প্রতিযোগিতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রবণতা, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মাণ ত্রুটিকে উল্লেখ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। মে মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪০ জন আহত, সুনামগঞ্জ জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২০ জন আহত, মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
নিসচা সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৬টি সড়ক দুর্ঘটনায় ১১জন সিএনজি ও টমটম চালক ও আরোহী। এর মধ্যে ১৮টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন চালক ও ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৭ জন , মুখোমুখি সংঘর্ষে ১৪টি দুর্ঘটনায় ১০ জন,গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন।



