দিরাইয়ে বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত- ৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮:৪৩ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হলেন—রাধানগর গ্রামের আব্দুস সহিদ (৫৫), আবুল কাশেম (৫০) ও সাঈদ মিয়া (২২)। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিরাই পৌর বিএনপির ওয়ার্ড কমিটি গঠন শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ৪নং ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর গ্রুপ ও আব্দুস সহিদ গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ভোট গ্রহণ শেষে রাতের দিকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী জানান, বিকেল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে রাত সাড়ে ৭টায় শেষ হয়। ফলাফল ঘোষণা করে তিনি চলে আসেন। পরে সংঘর্ষের খবর পান বলে তিনি জানান।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




