মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ পাওয়া গেছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩:৩১ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও কারা নির্যাতিত মজলুম নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর মরদেহ পাওয়া গেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর গ্রামের পাশে নদীতে লাশ দেখে পরিবারের লোকজনকে খবর দেওয়া হলে তাঁর ভাতিজা আবু সুফিয়ান গিয়ে নিশ্চিত করেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার গাজীনগর নিজ বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শান্তিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করা হয়।




